স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে রূপান্তরিত হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগরে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসকও উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। তাই দলীয় বিবেচনায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তবে তাদের সরকারিভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে।
তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে অধ্যাদেশ জারি করেছিল, তা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে। সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। শিগগিরই এটি সংসদে উপস্থাপন করে আইন আকারে কার্যকর করা হবে।
সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসক এজাজের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি এবং জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।



