নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে চলছে। আইনগত সব প্রক্রিয়া সম্পন্ন হলেই তপশিল ঘোষণার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে একান্ত আলাপচারিতায় তিনি এ কথা জানান।
ইসি আনোয়ারুল বলেন, পয়লা বৈশাখের আগেই ধাপে ধাপে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন, রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনসহ কয়েকটি বিষয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
চ্যালেঞ্জ মোকাবিলায় আশাবাদী কমিশন
স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনেও শুরুতে নানা চ্যালেঞ্জ ছিল। সবার সহযোগিতায় সেগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে এবং নির্বাচন দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। একইভাবে সিটি করপোরেশন নির্বাচনও সফলভাবে সম্পন্ন করা যাবে বলে কমিশন আশাবাদী।
তিনি আরও জানান, সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশনের কাছে ইতোমধ্যে চিঠি এসেছে। কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর পরবর্তী কার্যক্রম শুরু হবে। তবে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের অংশ, তাই গুরুত্ব বিবেচনায় আপাতত এই দুই আসনের নির্বাচন বেশি প্রাধান্য পাচ্ছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত এ নির্বাচন সম্পন্ন করার কাজ চলছে।
সিটি নির্বাচন বিলম্বের শঙ্কা নেই
দুই সংসদীয় আসনের নির্বাচন আয়োজনের কারণে সিটি করপোরেশন নির্বাচন বিলম্বিত হবে কি না—এ প্রশ্নে ইসি আনোয়ারুল বলেন, এমন আশঙ্কার কারণ নেই। সিটি ও স্থানীয় সরকার নির্বাচনের আগে ডিলিমিটেশন, আইনগত জটিলতা কিংবা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় আছে কি না—এসব খতিয়ে দেখা জরুরি। সব কিছু পর্যালোচনা করেই কমিশন সিদ্ধান্ত নেবে।
সংরক্ষিত মহিলা আসন নিয়ে অবস্থান
সংরক্ষিত মহিলা আসন বাতিল করে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে মতামত প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন বিদ্যমান আইন অনুযায়ী কাজ করে। আইন পরিবর্তিত হলে কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। সংরক্ষিত আসন নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
১৬ বছর বয়সীদের এনআইডি
প্রথমবারের মতো ১৬ বছর ও তদূর্ধ্ব নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের আওতায় আনার সিদ্ধান্ত প্রসঙ্গে ইসি আনোয়ারুল বলেন, ১৬ বছর বয়সে এনআইডি পাওয়া গেলেও আইন অনুযায়ী ১৮ বছর পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সূত্র: বাসস



