রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কেন্দ্রটির দুটি ইউনিট থেকে একসঙ্গে ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। দুই ইউনিট মিলিয়ে এটিই এখন পর্যন্ত কেন্দ্রটির সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর বর্তমানে কেন্দ্রটির দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে। উৎপাদিত বিদ্যুৎ চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
কেন্দ্রটির কর্মকর্তারা জানান, দুটি ইউনিট থেকে একসঙ্গে ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ দেশের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য মাইলফলক।
যেভাবে শুরু রামপাল বিদ্যুৎকেন্দ্রের যাত্রা
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) এ প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করে।
চুক্তির আওতায় গঠন করা হয় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। যৌথ উদ্যোগে নির্মিত রামপাল কেন্দ্রের দুটি ইউনিট থেকেই বর্তমানে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
দুই ইউনিট থেকে একসঙ্গে ১ হাজার ৩২১ মেগাওয়াট উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড কেন্দ্রটির সক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।



