tanaka
প্রচ্ছদসারাদেশসৌদিতে নিহত ৯ বাংলাদেশির মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে

সৌদিতে নিহত ৯ বাংলাদেশির মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে

সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে পৌঁছানোর পর তাঁদের নিজ নিজ গ্রামে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছায়। আজ শুক্রবার (২৮ আগস্ট) নওগাঁয় তাঁদের জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি-৪৩০’ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে নিহতদের স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, নিহত অপর সাত বাংলাদেশির মরদেহও দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। পরে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে তাঁদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত করা হয়। পরিচয় শনাক্ত হওয়ার পর তাঁদের মরদেহ দেশে পাঠানো হয়।

শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তাঁরা হলেন—উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তাঁর ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।

এ ছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহও দেশে এসেছে।

পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর আশায় বিদেশে পাড়ি জমানো এসব প্রবাসীর মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁদের নিজ নিজ এলাকাতেও চলছে শোক ও আহাজারি।