tanaka
প্রচ্ছদসারাদেশদিনাজপুরে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

দিনাজপুরে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

দিনাজপুর সদর উপজেলার ভূষির বন্দরে আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যাওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাদেরকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

নিহত শিশুরা হলো- সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের হাড়গাঁ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী শর্মি ইসলাম (১২) ও একই গ্রামের বাবুলের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী বৃষ্টি (১০)।

এদের মধ্যে বৃষ্টির মরদেহ আজ ভোর সাড়ে ৫টায় ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে ঝানজিরা ফিরিঙ্গীর ঘাট থেকে উদ্ধার হয়। এরআগে বুধবার রাত ৮টায় শর্মির মরদেহ ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়। পার্শ্ববর্তী উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসিরুল ইসলাম জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে ৩ জন শিশু দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের ভূষিরবন্দর বেগুনতাড়া গ্রামের স্লুইচগেট সংলগ্ন আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এদের মধ্যে একজন সাঁতরে উঠতে পারলেও দুইজন পানিতে তলিয়ে যায়। সেসময় ওই মেয়ের চিৎকারে গ্রামের মানুষ দল বেঁধে নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও তাদের খুঁজে পায়নি। পরে বিষয়টি কোতয়ালি থানায় জানালে কোতয়ালি পুলিশ দিনাজপুর ফায়ার সার্ভিসকে অবগত করে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি এসে উদ্ধার কাজে অংশ নেয়। বুধবার রাত ৮টার দিকে নিখোঁজ দুই শিশুর মধ্যে শর্মি ইসলামের মরদেহ উদ্ধার করে। এছাড়া বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে ঝানজিরা ফিরিঙ্গীর ঘাট থেকে উদ্ধার হয়। দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, আজ সকাল সাড়ে ৯টার সময় একসঙ্গে দুই শিশুর জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।