২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ট্রাইব্যুনালের প্রসিকিউশন রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে অভিযোগটি দাখিল করা হয়।
প্রসিকিউশন সূত্র জানায়, দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে দায়ের নীতিতে অভিযোগ আনা হয়েছে। জুলাই আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতায় হত্যাকাণ্ডে উসকানি দেওয়া, নির্দেশ প্রদান এবং অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে রাষ্ট্রপক্ষ দাবি করেছে।
এর আগে গত ১৪ জুলাই প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, জাহাঙ্গীর আলম ও ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে মামলার তদন্ত শেষ হয়েছে। তদন্ত-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও তখন জানানো হয়েছিল।
সেই ঘোষণার ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, জুলাইয়ের সহিংসতার সময় সংঘটিত হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধের ক্ষেত্রে দুই কর্মকর্তার ভূমিকা তদন্তে উঠে এসেছে। এখন ট্রাইব্যুনালের পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত হবে।



