রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর গণমাধ্যমকে এ তথ্য জানান।
বৈঠকের আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের বিপুল সমর্থনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন—জনগণ সুশাসন ও জবাবদিহিতা প্রত্যাশা করে। তাই প্রত্যেক মন্ত্রীকে নিজ নিজ দায়িত্ব পালনে প্রভাবমুক্ত ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর জোর দেন তিনি।
রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখা, সেহরি-ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কার্যক্রম দ্রুত দৃশ্যমানভাবে বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও জানান, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার ঘোষণার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
নিজ দায়িত্বপ্রাপ্ত দুটি মন্ত্রণালয়ের প্রসঙ্গ তুলে মো. নুরুল হক নুর বলেন, দেশের শ্রমবাজারের বড় অংশ মধ্যপ্রাচ্যভিত্তিক। এ ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে বিভিন্ন কারণে মাঝখানে শ্রমবাজারে স্থবিরতা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার পুনরায় সক্রিয় করতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের প্রস্তাবও তিনি উত্থাপন করেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।
এ ছাড়া, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।



