জিতলেই সুপার এইট, হারলেই বিদায়—এমন কঠিন সমীকরণের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং উপহার দিলেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়লেন ফারহান। এর আগে ২০১৪ সালের আসরে বাংলাদেশের বিপক্ষে ১১১* রান করেছিলেন আহমেদ শেহজাদ।
চলমান ১০ম টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তৃতীয় সেঞ্চুরি। এর আগে শতক হাঁকিয়েছেন শ্রীলঙ্কার ওপেনার পাতুম নিশাঙ্কা এবং কানাডার যুবরাজ সিং সামরা।
আজ সিংহলিজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড মাঠে ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ফারহান। ৩৭ বলে ফিফটি পূর্ণ করার পর ৫৭ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরি, ভেঙে দেন শেহজাদের ৫৮ বলের রেকর্ড।
সেঞ্চুরির পথে ফারহান হাঁকান ১১টি চার ও ৪টি ছক্কা। তার ঝড়ো ইনিংসের কল্যাণে পাকিস্তান তোলে ১৯৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।



