tanaka
প্রচ্ছদআদালতসেনা কর্মকর্তা রেদোয়ানসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

সেনা কর্মকর্তা রেদোয়ানসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ২৮ জন হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (২৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। অপরদিকে, গ্রেপ্তার ও পলাতক আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদন জানান। গত ২১ ডিসেম্বর পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন এবং উপস্থিত দুই আসামির পক্ষে আইনজীবী হামিদুল মিসবাহ শুনানি করেন। শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য করা হয়।

ওইদিন প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মঈনুল করিম ও শাইখ মাহদী। মামলার অপর আসামিরা হলেন—বিজিবির আরেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম মুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

গত ৮ অক্টোবর রাজধানীর রামপুরায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় ২৮ জন হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ট্রাইব্যুনাল চারজনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগপত্রে বলা হয়, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ২৮ জন নিহত ও অনেকে আহত হন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত রেদোয়ানকে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি ছুড়তে দেখা যায় এবং অন্য আসামিরাও ঘটনাটির নেতৃত্বে ছিলেন।