সুদানের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর আল-টিনায় ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। নিহতদের বেশিরভাগই নারী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার স্থানীয় বাজার এলাকায় নারী ব্যবসায়ীদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ওই সময় তারা বাজারে বসে খাবার ও চা বিক্রি করছিলেন। হঠাৎ ড্রোন হামলায় ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
এক সরকারি কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা যাচাইয়ের কাজ চলছে। তবে এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হামলার পর ঘটনাস্থল থেকে ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই নারী। নিরাপত্তার স্বার্থে তারা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।
এ হামলার জন্য আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করা হচ্ছে। তবে এখন পর্যন্ত স্বাধীনভাবে এ অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। দীর্ঘ এ সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিশেষ করে দারফুর অঞ্চলে ভয়াবহ খাদ্য সংকট ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।



