অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে সংঘটিত হামলায় জড়িত দুই ব্যক্তির একজন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত হামলাকারীদের একজন ভারতের হায়দরাবাদ থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তবে তার ‘উগ্রবাদী চিন্তাধারা’ সম্পর্কে ভারতে থাকা পরিবার কোনো ধারণা রাখত না।
নিহত ওই ব্যক্তির নাম সাজিদ আকরাম (৫০)। হামলায় তার সঙ্গে অংশ নেন তার ছেলে নাভিদ আকরাম। এ ঘটনায় এখন পর্যন্ত সাজিদসহ মোট ১৬ জন নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ার প্রায় তিন দশকের মধ্যে এটিকে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে। ঘটনার পর ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
ভারতের তেলেঙ্গানা রাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সাজিদ আকরাম হায়দরাবাদে বাণিজ্য বিষয়ে পড়াশোনা করেছিলেন। কাজের সন্ধানে তিনি ১৯৯৮ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় যান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্পত্তি–সংক্রান্ত বিষয় ও বাবা–মায়ের সঙ্গে দেখা করতে তিনি ছয়বার অস্ট্রেলিয়া থেকে ভারতে এসেছিলেন। পুলিশ জানায়, পরিবারের কেউ তার উগ্রপন্থী চিন্তাধারার বিষয়ে অবগত ছিলেন বলে মনে হয় না। ভারত ছাড়ার আগে তার বিরুদ্ধে কোনো ‘নেতিবাচক’ তথ্যও পাওয়া যায়নি। সাজিদ ও তার ছেলে নাভিদের কর্মকাণ্ডের সঙ্গে ভারতের কোনো সংশ্লিষ্টতা বা তেলেঙ্গানার স্থানীয় কোনো প্রভাব নেই বলে জানিয়েছে পুলিশ।
এদিকে অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, হামলার আগে গত মাসে সাজিদ ভারতীয় পাসপোর্ট এবং তার ছেলে নাভিদ অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করে ফিলিপাইনে ভ্রমণ করেছিলেন। ওই সফরের উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে। তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন কি না বা সেখানে কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন কি না—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তথ্যসূত্র: এনডিটিভি



