tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনসালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহের মৃত্যু আজও রহস্যে ঘেরা। সেই বহুচর্চিত হত্যা মামলায় নতুন মোড় এসেছে। এবার মামলার আসামিদের দেশত্যাগে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রমনা থানা পুলিশ ইতিমধ্যেই ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, আদালতের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তাধীন থাকায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সে বিষয়ে সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে রমনা থানা থেকে অবহিত করা হয়েছে।

রমনা থানার ওসি গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যু ঘটে। অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক তা আত্মহত্যা দাবি করেছিলেন। তবে মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে পুলিশ এই ঘটনার অপমৃত্যু মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে।

গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামি হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।