ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৫’ অধ্যাদেশের সংশোধন এবং কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া হাতাহাতির ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে সায়েন্সল্যাব মোড় এবং আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। গরম আর যানজটে নাকাল হয়ে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে বিভিন্ন দিক থেকে আসা যানবাহন শিক্ষার্থীদের অবরোধের কারণে আটকে রয়েছে। শাহবাগ, নীলক্ষেত, ধানমন্ডি ও কলাবাগানসহ আশপাশের রুটে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায়ই এমন অবরোধের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
মৌমিতা পরিবহনের যাত্রী শারমিন নাহার বলেন, “প্রায়ই এই সড়কে অবরোধ হয়। আমাদের মতো সাধারণ মানুষের কিছু করার থাকে না। গরমে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে। ৩০ মিনিট ধরে গাড়িতে বসে আছি, জানি না আর কতক্ষণ লাগবে।”
আরেক যাত্রী দিবারুল আলম বলেন, “অফিসে যাওয়ার পথে এখানে এসে আটকে গেছি। বারবার এভাবে রাস্তায় নেমে সাধারণ মানুষকে বিপদে ফেলা ঠিক না। এসবের তো একটা শেষ থাকা দরকার।”
ডি-লিংক বাসের চালক সুমন বলেন, “হঠাৎ করে ছাত্ররা রাস্তা বন্ধ করে দিয়েছে। কিছুই করার নেই, গাড়ি চালাতে পারছি না।”
জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজ থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেয় এবং রাস্তা অবরোধ করে। তাদের দাবি, নতুন অধ্যাদেশ অনুযায়ী ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট (উচ্চমাধ্যমিক) বিভাগ বন্ধ হয়ে যেতে পারে, যা কলেজটির শত বছরের ঐতিহ্যের জন্য হুমকি। আইন সংশোধনের দাবিতে তারা রাজপথে নেমেছে।



