চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি তার সাবেক স্ত্রী সামিরা হক। বহুদিন পর এই সাবেক স্ত্রীর প্রসঙ্গে মুখ খুললেন নায়কের ছোট ভাই শাহরান চৌধুরী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে তিনি ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে নিজের অনুভূতি প্রকাশ করেন।
লাইভে শাহরান বলেন, “আমি সাধারণত ফেসবুকে কথা বলি না। আজ আসতে হলো কিছু কারণে, কাউকে ছোট করা বা ব্যক্তিগত আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়।” এরপর তিনি ভাই সালমান শাহ ও সামিরা হককে ঘিরে দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেন।
ভাইয়ের প্রতি সামিরার ভালোবাসার প্রসঙ্গে শাহরান বলেন, “আমার ভাই আপনাকে খুব ভালোবাসতো। আপনি যে কারণে তাকে বিয়ে করেছিলেন, নিশ্চয়ই তার মধ্যে কিছু গুণ দেখেছিলেন। তখন আপনার পরিবার মেনে না নিলেও আমাদের পরিবার আপনাকে গ্রহণ করেছিল।” এ সময় তিনি আবেগে ভেঙে পড়েন এবং বলেন, “আপনার সঙ্গে পরিচয়ের আগে ভাইয়ের জীবন সম্পূর্ণ স্বাভাবিক ছিল। তিনি আত্মহত্যার প্রবণ মানুষ ছিলেন না।”
সামিরাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু যোগাযোগ হয়নি। আমি কাউকে ছোট করতে চাই না। তবে আপনার কর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত।”
লাইভে শাহরান সালমানের বন্ধু ফারুককেও উল্লেখ করেন। তিনি বলেন, “অভিনয় গুণ না থাকায় আমার ভাইয়ের অনুরোধে ফারুক সিনেমায় কাজ পেয়েছিলেন, কিন্তু পরে বিভিন্ন ভুল তথ্য সামিরার কাছে পৌঁছাত।”
লাইভের শেষ দিকে শাহরান হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ১১ জনকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।
উল্লেখ্য, নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন প্লাজার ফ্ল্যাটে রহস্যজনকভাবে মারা যান। তার স্ত্রী সামিরা হক দাবি করেন, এটি আত্মহত্যা; তবে সালমানের পরিবার বরাবরই বলেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শাহরানের সাম্প্রতিক মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান শাহকে ঘিরে পুরোনো বিতর্ক নতুন করে উত্তপ্ত হয়েছে।



