জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে হত্যা এবং আরও দুইজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।
এ ছাড়া একই মামলায় রামপুরা থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং সাবেক উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
মামলাটি জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় প্রদান করেন।



