আগামী ৩০ দিন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্ব ইরানের হাতে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের এ ঘোষণাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরাগচি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় অন্য কোনো দেশের একতরফা হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এতে প্রণালিটি পূর্ণ সক্ষমতায় পুনরায় চালু হওয়ার প্রক্রিয়াও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ইরাক সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) সম্পর্কে তিনি তার ইরাকি সমকক্ষকে অবহিত করেছেন।
আরাগচি বলেন, “আগামী ৩০ দিন হরমুজ প্রণালির সম্পূর্ণ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা ইরানের অধীনেই থাকবে। এরপর প্রয়োজনীয় সব বাধা দূর করা সম্ভব হলে এই গুরুত্বপূর্ণ জলপথকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”
তিনি আরও বলেন, “এই দায়িত্ব সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের। সমঝোতা স্মারক অনুযায়ী এ বিষয়ে অন্য কোনো দেশ বা পক্ষের কোনো ভূমিকা নেই। কোনো ধরনের একতরফা হস্তক্ষেপ বা অযাচিত পদক্ষেপ শুধু পরিস্থিতিকে আরও জটিল করবে না, বরং হরমুজ প্রণালির স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারেও বিলম্ব ঘটাবে।”



