তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নয়নে প্রয়োজন রয়েছে গুণগতমান বৃদ্ধির। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই খাতে সার্বিক সহযোগিতা করবে।
বুধবার (৮ অক্টোবর) ঢাকার তথ্য ভবনে ২০২৪-২০২৫ অর্থবছরের সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ও ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের সমন্বয়ে গাইডলাইন প্রদান বিষয়ক ল্যাবের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ই এই ল্যাবের আয়োজন করে।
তাঁর বক্তব্যে চলচ্চিত্র নির্মাতাদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, “মানসম্পন্ন চলচ্চিত্র তৈরিতে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের অভিজ্ঞতা বিনিময় তরুণ নির্মাতাদের জন্য বিশেষ ভূমিকা রাখবে।”
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও জানান, বিশ্বের অনেক দেশে চলচ্চিত্র নির্মাণে সমন্বিত ব্যবস্থাপনা চালু থাকলেও বাংলাদেশে এখনো পূর্ণাঙ্গ কাঠামো গড়ে ওঠেনি। তবে কবিরপুর ফিল্ম সিটি প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক ও সমন্বিত অবকাঠামো গড়ে উঠবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
ল্যাবের সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, “এবার প্রথমবার মন্ত্রণালয়ের উদ্যোগে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের জন্য এই ল্যাব আয়োজন করা হয়েছে। নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম অপরিহার্য। ল্যাব থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য নির্মাতাদের আহ্বান জানাচ্ছি।”
ল্যাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস এম ইমরান হোসেনসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



