tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদজাতীয়প্রধান উপদেষ্টা ড. ইউনূস: "স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলেই জাতিকে দাসত্ব থেকে মুক্ত...

প্রধান উপদেষ্টা ড. ইউনূস: “স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলেই জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা আর পরনির্ভর থাকতে চাই না। স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে।”

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ’ বিষয়ক এক আলোচনা সভার প্রারম্ভিক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসতে হবে। বিকল্প কিছু নেই। আমাদের অভ্যাস পাল্টাতে হবে, বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে। স্বনির্ভরতা অর্জন কঠিন হলেও তাতে রয়েছে আনন্দ।”

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ মানেই স্বনির্ভর বাংলাদেশ। এ জাতির পায়ে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে। আমাদের শক্তি হলো তারুণ্য ও সৃজনশীলতা—এই শক্তিকে কাজে লাগাতে হবে।”

সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, বিশিষ্ট অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ অন্যান্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. আনিসুজ্জামান চৌধুরী, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ প্রমুখ।

সভা শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সাংবাদিকদের অবহিত করেন তার প্রেস সচিব শফিকুল আলম।