tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর: শামা ওবায়েদ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর: শামা ওবায়েদ

সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক, ধর্মীয় কিংবা আদর্শিক কোনো কারণেই সন্ত্রাসবাদকে বৈধতা দেওয়া যায় না। একই সঙ্গে হলি আর্টিজান হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্ত্রাস ও উগ্রবাদমুক্ত শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বুধবার (১ জুলাই) রাজধানী ঢাকায় হলি আর্টিজান হামলার ১০ম বার্ষিকী উপলক্ষে ইতালি দূতাবাস আয়োজিত এক স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ২০১৬ সালের ওই ভয়াবহ হামলায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইতালি, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের প্রতিনিধিরা, পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যরা। এ সময় তারা পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এক দশক পেরিয়ে গেলেও সেই বিভীষিকাময় রাতের ক্ষত বাংলাদেশের জাতীয় স্মৃতি থেকে মুছে যায়নি। হলি আর্টিজান হামলা দেশের ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায় হয়ে আছে।

তিনি বলেন, সেদিন সন্ত্রাসীরা শুধু নিরীহ মানুষের প্রাণই কেড়ে নেয়নি, বরং মানবতা, সহাবস্থান ও শান্তির মূল্যবোধের ওপরও আঘাত হেনেছিল। হামলায় বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ইতালি, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের নাগরিকরাও প্রাণ হারান।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, একজন মা হিসেবে তিনি স্বজন হারানোর বেদনার গভীরতা অনুভব করেন। সন্তান বা প্রিয়জন হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

শামা ওবায়েদ আরও বলেন, হলি আর্টিজান হামলা ছিল বাংলাদেশের সহনশীল, অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার ওপর একটি পরিকল্পিত আঘাত। তবে জাতীয় ঐক্য, দৃঢ়তা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করেছে।

তিনি জানান, গত এক দশকে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, নাগরিক সমাজ, ধর্মীয় নেতা, শিক্ষাপ্রতিষ্ঠান, নারী ও যুবসমাজ, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ে সন্ত্রাসবাদ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। দেশের ইতিহাসের অন্যতম নৃশংস এ হামলায় ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি-আমেরিকান দ্বৈত নাগরিক এবং দুজন বাংলাদেশিসহ মোট ২০ জন নিহত হন। এছাড়া হামলাকারীদের ছোড়া গ্রেনেডের আঘাতে নিহত হন ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) রবিউল ইসলাম এবং বনানী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ।