স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার নির্ধারিত সময় অনুযায়ী স্থানীয় নির্বাচন আয়োজন করবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টন-এ অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানর নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি জানান, কিছু প্রশাসনিক প্রক্রিয়া ও মেয়াদসংক্রান্ত বিষয় সমন্বয় করা হচ্ছে। এসব প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে নির্বাচন আয়োজন করা হবে। তবে এ নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।
খালেদা জিয়ার অবদান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দলের কেন্দ্রীয় কার্যালয় তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখান থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের বিভিন্ন আন্দোলন পরিচালিত হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, ১৯৮৯ সালের গণআন্দোলন, ১৯৯১ সালে সরকার গঠন এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্ব দেশের গণতান্ত্রিক ধারাকে সুসংহত করেছে। ভবিষ্যতে গণতন্ত্রের ইতিহাস রচিত হলে তার অবদান গুরুত্বের সঙ্গে স্মরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তার নেতৃত্বে দল নতুন উদ্যমে কাজ শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে দল সফল হবে।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানর স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।



