গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাপলা ম্যানশনের পাশে অবস্থিত ওই বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
ফলে বাজারের অন্তত ৫০টি দোকান ও ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।



