tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকপর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

পর্তুগালের রাজধানী লিসবনে পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ‘এলিভাদোর গ্লোরিয়া’ নামের একটি ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

এই ফানিকুলারটি শহরের কেন্দ্রস্থল রেস্তোরাদোরেস স্কয়ার থেকে বাইরো আলতো এলাকায় যাত্রী পরিবহন করে, খাড়া রাস্তায় ওপর-নিচে চলাচল করে এটি। দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন, যদিও এখনো তাদের জাতীয়তা নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস দুর্ঘটনার পরপরই হাসপাতালে আহতদের দেখতে যান এবং ঘটনাটিকে “শহরের অন্যতম শোকাবহ মুহূর্ত” বলে আখ্যায়িত করেন। এই দুর্ঘটনার পর বৃহস্পতিবার পর্তুগালে এক দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। একই দিনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়েছেন।

পুলিশ, দমকল বাহিনী ও অন্যান্য জরুরি পরিষেবা দুর্ঘটনাস্থলে দীর্ঘ সময় উদ্ধার অভিযানে অংশ নেয়। ক্যাবল রেল অপারেটর সংস্থা এবং জাতীয় পরিবহন সুরক্ষা কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি যৌথ তদন্ত শুরু করেছে।

লিসবনের গণপরিবহন সংস্থা ‘ক্যারিস’-এর প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ক্যাবল রেলের ব্রেকিং সিস্টেমে ত্রুটির কারণে সেটি অতিরিক্ত গতিতে নিচের দিকে নেমে আসে এবং একটি ভবনে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দুর্ঘটনার সময় ফানিকুলারে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। দুর্ঘটনাটি ঘটে শহরের অ্যাভেনিদা দা লিবারডাদে এলাকার কাছে।