জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ওইতার একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৭০টি ভবন পুড়ে গেছে। দেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা বুধবার জানিয়েছে, রাতভর দাউদাউ করে জ্বলার পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর রয়টার্স।
সংস্থাটি জানায়, টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওইতা শহরের সাগানোসেকি জেলায় মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার পর প্রায় ১৭৫ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত চলছে। এখনো একজন নিখোঁজ বলে জানা গেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে—ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড়ি এলাকা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে সামরিক বাহিনীর একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
আঞ্চলিক সরকার জানায়, মঙ্গলবার গভীর রাতে সৃষ্ট আগুনে কমপক্ষে ১৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ওইতার বিভিন্ন এলাকায় প্রায় ৩০০টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গভর্নর সম্ভাব্য সহায়তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করছেন।



