tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকআদিয়ালা কারাগারের কাছে পিটিআই কর্মীদের সমাবেশে পুলিশের অভিযান

আদিয়ালা কারাগারের কাছে পিটিআই কর্মীদের সমাবেশে পুলিশের অভিযান

মঙ্গলবার গভীর রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা রোডে সেন্ট্রাল জেলের কাছে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খান, নওরিন খান নিয়াজি, উজমা খানমসহ নেতাকর্মীরা সমাবেশ করেন। অবস্থান কর্মসূচি তুলে নিতে পুলিশ অনুরোধ জানালে তারা তা প্রত্যাখ্যান করেন। পরে পুলিশ তাদের সাময়িকভাবে আটক করে—এ খবর জানিয়েছে অনলাইন জিও নিউজ।

খবরে আরও বলা হয়, গোরখপুর পিকেট এলাকায় পিটিআইয়ের বিক্ষোভ ভাঙতে গিয়ে পুলিশ দলের আরও কয়েকজন কর্মীকে আটক করে। পরে চকরি ইন্টারচেঞ্জের কাছে ইমরানের তিন বোনকেই ছেড়ে দেওয়া হয়। কারাবন্দি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন।

পুলিশ বারবার সড়ক খালি করতে বললেও আলোচনা ব্যর্থ হয়। আলিমা কর্মসূচি সরাতে অস্বীকৃতি জানালে পুলিশ রাস্তায় পানি ছিটিয়ে অভিযান চালায় এবং ইমরানের তিন বোনসহ ৮–১০ জন পিটিআই কর্মীকে আটক করে। মুক্তির পর আলিমা অভিযোগ করেন, তার বোন নওরিনকে নারী পুলিশ সদস্যরা রাস্তায় টেনে নিয়ে গেছে।

কারাবন্দি ইমরানের সঙ্গে দেখা করা ও তার বার্তা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার ভূমিকা দীর্ঘদিন ধরে পালন করছেন আলিমা। গত মাসে খাইবার পখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফরিদিও ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি। তিনি পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান এবং মহাসচিব সালমান আকরাম রাজাকে সঙ্গে নিয়ে আদিয়ালা কারাগারে পৌঁছালেও সাক্ষাতের অনুমতি না পেয়ে ফিরে আসেন, যদিও সেদিন ইমরানের বোন উজমা সাক্ষাতের সুযোগ পান।

কারাগারের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতার কাছ থেকে নীতিগত দিকনির্দেশনা নিতে সাক্ষাতের সুযোগ পাওয়া তার জন্য জরুরি। সাক্ষাৎ বারবার বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলার আহ্বান জানান।