লোকসংগীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন মেয়ে জিহান ফারিহা।
কিডনি ও ফুসফুসের জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো তাকে। সর্বশেষ ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং গত বুধবার ভেন্টিলেশনে নেওয়া হয়। সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। মাত্র ১৪ বছর বয়সে, ১৯৬৮ সালে তার সংগীতজীবনের সূচনা। শুরুতে নজরুলসংগীত ও আধুনিক গানে মনোনিবেশ করলেও জীবনের বড় অংশ তিনি উৎসর্গ করেন লালনসংগীতে। কুষ্টিয়ায় দীর্ঘদিন লালনচর্চার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে তিনি একুশে পদক পান। এছাড়া ১৯৯৩ সালে ‘অন্ধ প্রেম’ চলচ্চিত্রের নিন্দার কাঁটা গানের জন্য শ্রেষ্ঠ নারী সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে অর্জন করেন জাপানের ফুকুওয়াকা পুরস্কার।
তার কণ্ঠে জনপ্রিয় হয়ে ওঠা গানগুলোর মধ্যে রয়েছে— তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম, এই পদ্মা এই মেঘনাসহ অসংখ্য কালজয়ী সংগীত।



