tanaka
প্রচ্ছদসারাদেশশ্রেণিকক্ষে একে একে অসুস্থ ২৫ ছাত্রী, হাসপাতালে ভর্তি ২৫

শ্রেণিকক্ষে একে একে অসুস্থ ২৫ ছাত্রী, হাসপাতালে ভর্তি ২৫

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে একে একে অন্তত ২৫ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় বিকেল ৫টা পর্যন্ত মোট ২৮ শিক্ষার্থীকে কলাপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়-সংশ্লিষ্টরা জানান, দুপুর ১টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী সানজিদা প্রথম অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের সিঁড়িতে থাকা অবস্থায় হঠাৎ তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। এর কিছুক্ষণ পর একে একে আরও শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে থাকে। আক্রান্তদের বেশির ভাগই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বলে সহপাঠীরা জানিয়েছে।

একে একে অসুস্থ, হাসপাতালে ভর্তি ২৫

হাইস্কুলসংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান সোহাগ জানান, কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার পর তিনি দ্রুত তাদের বিদ্যালয় থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে কলেজ বাজারের চিকিৎসকদের কাছে নিয়ে যান। পরে অবস্থার কথা বিবেচনা করে তাদের দ্রুত কলাপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়।

বিকেল ৫টা পর্যন্ত অন্তত ২৮ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২৫ জনকে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীদের কয়েকজন হঠাৎ অচেতন হয়ে পড়ায় বিদ্যালয় ও হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্তানদের অসুস্থ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন অভিভাবকেরা। অনেককে উদ্বিগ্ন ও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

বিশ্রামের সময়ও অসুস্থ হয়ে পড়েন শিক্ষক

বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, ঘটনার সময় শিক্ষার্থীদের দুপুরের বিশ্রামের সময় চলছিল। ওই সময়ই একে একে ছাত্রীরা অসুস্থ হতে শুরু করে।

এর মধ্যে বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ইকবাল হোসেনও অসুস্থ হয়ে পড়েন বলে জানান শিক্ষকরা।

‘মাস সাইকোজেনিক ইলনেস’ বলছেন চিকিৎসক

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টেন মং জানান, চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের ঘটনাকে ‘মাস সাইকোজেনিক ইলনেস’ বলা হয়। একজনের অসুস্থতা দেখে অন্যদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এর পেছনে মানসিক প্রভাব কাজ করতে পারে।

তিনি বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই। হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নেওয়া শিক্ষার্থীদের সাধ্যমতো প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তারা সুস্থ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।