tanaka
প্রচ্ছদজাতীয়রাড্ডা ইস্যুতে স্থানীয় এমপির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাড্ডা ইস্যুতে স্থানীয় এমপির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তদন্তে অপরাধের সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজাসংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাড্ডার ঘটনা সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি নিয়ে নির্মোহ ও নিরপেক্ষ তদন্ত চলছে। ইতোমধ্যে একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় কোনোভাবেই বিবেচ্য নয়। তদন্তে যার বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মিরপুরের ইসিবি চত্বরে জমি দখল ও গোলাগুলির ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে কয়েকজনকে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে। ঘটনাটি নিয়ে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মামলা নথিভুক্তের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য এজাহার পাওয়ার পর প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হয়। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা নথিভুক্ত করা হয়।

সাম্প্রতিক কিছু বিতর্কিত বক্তব্যের প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ধরনের ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে সরকার বা রাজনৈতিক দলকে দায়ী করা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া সমীচীন নয়। ইসিবি চত্বরের ঘটনায় চাঁদাবাজির যে অভিযোগ করা হয়েছে, সেটিও সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ওই ঘটনায় কোনো অপরাধী কিংবা পাশের জমির মালিক—কেউই আইনের আওতার বাইরে থাকবে না। দ্রুততার সঙ্গে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক নয়। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। অপরাধের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় মিরপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটিকে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে ‘সমন্বয়ের অভাব’ হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, চলতি বছর দেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি অতীতের যেকোনো সময়ের তুলনায় প্রশংসনীয় উচ্চতায় পৌঁছেছে। সম্প্রীতির এই পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।