শ্রীলঙ্কা ক্রিকেট দল নতুন হেড কোচ পেয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার গ্যারি কারস্টেনকে দুই বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আগামী ১৫ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
গ্যারি কারস্টেনের সামনে বড় লক্ষ্য রয়েছে। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কা দলকে শক্তভাবে প্রস্তুত করাই হবে তার প্রধান দায়িত্ব।
লঙ্কান বোর্ড এমন প্রত্যাশা রাখতেই পারে, কারণ কোচ হিসেবে কারস্টেনের সাফল্য বেশ উল্লেখযোগ্য। তার অধীনেই ২০১১ সালে ভারত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। সেই আসরে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের স্বাদ পায় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল।
২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন কারস্টেন। তার কোচিং সময়েই প্রোটিয়ারা ক্রিকেটের তিন সংস্করণেই বিশ্বের এক নম্বর দল হওয়ার কৃতিত্ব অর্জন করে।
সবশেষ তিনি নামিবিয়া ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন।
খেলোয়াড়ি জীবনেও উজ্জ্বল ছিলেন গ্যারি কারস্টেন। ১৯৯৩ থেকে ২০০৪ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান করেন তিনি। তার ক্যারিয়ারে টেস্টে ২১টি এবং ওয়ানডেতে ১৩টি শতক রয়েছে।



