গাজীপুরের শ্রীপুরে আগ্নেয়াস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে বিকাশের টাকাবাহী একটি গাড়িতে হামলা চালিয়ে তিন কোটি টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বিকাশের হিসাব বিভাগের ম্যানেজার হিমেল আহমেদকে (৩৫) গুলি করা হয়। হামলায় আহত হয়েছেন তাঁর দুই সহকর্মী ও গাড়িচালকও। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মাত্র দুই মিনিটের অভিযানে টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
গুলিবিদ্ধ হিমেল আহমেদ শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার মোহাম্মদ জসিমের ছেলে। তিনি বিকাশের শ্রীপুর এলাকার হিসাব বিভাগের ম্যানেজার হিসেবে কর্মরত। আহত অন্যরা হলেন ফাহাদ হোসেন (৩৫), রিফাত (৩০) ও গাড়িচালক লাল মিয়া (৩২)। তাঁরা বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এলাকার চ্যানেল এন্টারপ্রাইজের অধীনে কর্মরত।
আহত হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চার কোটি টাকা নিয়ে রওনা, পথে হামলা
আহত ফাহাদ হোসেনের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তাঁরা চার সহকর্মী নরসিংদী সদরের বিকাশের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চারটি বস্তায় চার কোটি টাকা নিয়ে একটি প্রাইভেটকারে মাওনার উদ্দেশে রওনা হন।
গাড়িটি গোসিংগা পার হয়ে কর্ণপুর এলাকায় পৌঁছালে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁদের গাড়ি ঘিরে ফেলে। প্রতিটি মোটরসাইকেলে দুজন করে আরোহী ছিলেন।
ফাহাদ জানান, কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা গাড়ির সামনের কাচ ভেঙে হিমেলকে গুলি করে। এরপর চালকের পাশের কাচ ও তাঁর আসনের পাশের দরজার কাচ ভেঙে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করা হয়। এতে তিনি ও গাড়িচালক আহত হন।
তিনি আরও জানান, গাড়ির পেছনে রাখা চার বস্তা টাকার মধ্যে তিনটি বস্তা নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রতিটি বস্তায় এক কোটি টাকা ছিল। হামলার প্রায় দুই মিনিটের মধ্যে তারা শ্রীপুরের দিকে পালিয়ে যায়। পরে ফাহাদ নিজেই গাড়ি চালিয়ে আহত সহকর্মীদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হিমেলের পেটে গুলির আঘাতের আশঙ্কা
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। হিমেলের পেটের ডান পাশে গভীর ক্ষত রয়েছে, যা গুলির আঘাত বলে ধারণা করা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন, তদন্তে পুলিশ
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, ঘটনার সময় তিনি ময়মনসিংহ হাইওয়েতে টহলে ছিলেন। সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের দেখতে পান।
ওসি বলেন, নরসিংদী থেকে বিকাশের টাকা নিয়ে আসার পথে কর্ণপুর এলাকায় গাড়ি থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তবে ছিনতাই হওয়া টাকার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশ আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।



