tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট নয়, মাফিয়া’ বলে মন্তব্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের

শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট নয়, মাফিয়া’ বলে মন্তব্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের

প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ‘ফ্যাসিস্ট’ নয়, ‘মাফিয়া শাসক’ হিসেবে বিবেচনা করেন। তার ভাষ্য, কাউকে ‘ফ্যাসিস্ট’ বললে এক ধরনের রাজনৈতিক দর্শনের সঙ্গে তাকে যুক্ত করা হয়, কিন্তু শেখ হাসিনার শাসনব্যবস্থা তিনি ‘মাফিয়াচক্রের শাসন’ হিসেবে দেখেন।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতে জাদুঘর নির্মাণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অবদানের প্রশংসা করে ডা. জাহেদ উর রহমান বলেন, এটি একটি চলমান (ইভলভিং) প্রকল্প। সময়ের সঙ্গে নতুন চিন্তা, তথ্য ও উপকরণ যুক্ত হবে এবং দর্শনার্থীদের মতামতের ভিত্তিতে জাদুঘরটিকে আরও সমৃদ্ধ করা হবে।

তিনি বলেন, জাদুঘরটি মূলত দুটি বিষয় তুলে ধরতে চেয়েছে—একজন শাসক কীভাবে ধাপে ধাপে একটি মাফিয়াচক্রের নেতৃত্বে পরিণত হয় এবং কীভাবে সাধারণ মানুষ তার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ গড়ে তোলে।

ডা. জাহেদ উর রহমানের মতে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু বাংলাদেশের ইতিহাস সংরক্ষণের স্থান নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বৈরতন্ত্র ও কর্তৃত্ববাদ সম্পর্কে একটি সতর্কবার্তাও বহন করবে।

জুলাইয়ের শহীদদের স্মরণ করে তিনি বলেন, বহু তরুণের আত্মত্যাগের মধ্য দিয়ে একজন স্বৈরশাসকের পতন সম্ভব হয়েছে। তার মতে, এই জাদুঘর শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও শিক্ষণীয় হতে পারে। এখানে যেমন স্বৈরতন্ত্রের নির্মমতা তুলে ধরা হয়েছে, তেমনি মানুষের সাহস, প্রতিরোধ ও আত্মত্যাগের ইতিহাসও স্থান পেয়েছে।

ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দেশে আর কোনো জুলাই গণঅভ্যুত্থানের প্রয়োজন হোক, তা তারা চান না। একই সঙ্গে তিনি বলেন, আর কোনো তরুণের জীবনও যেন এ ধরনের আন্দোলনে দিতে না হয়।

তিনি আরও বলেন, তারা এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চান, যেখানে নিয়মিত নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন হবে এবং যে সরকারই ক্ষমতায় আসুক, তারা জনগণের কল্যাণে কাজ করবে। তার মতে, এই জাদুঘর ভবিষ্যতের রাজনীতিবিদ ও রাষ্ট্র পরিচালনাকারীদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে কাজ করবে।