tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদজাতীয়শুধু জঙ্গল সলিমপুর নয়, সারা দেশেই সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু জঙ্গল সলিমপুর নয়, সারা দেশেই সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী চক্রের অবস্থান সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে শুধু জঙ্গল সলিমপুর নয়, দেশের সব অঞ্চলে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, শাহাদাত হোসেনসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরের আশপাশে বেতুয়া ও চা-বাগান নামে দুটি পাহাড়ি এলাকায়ও সন্ত্রাসী তৎপরতার তথ্য সরকারের কাছে রয়েছে। তাই জঙ্গল সলিমপুরের পাশাপাশি এসব এলাকাতেও অভিযান চালিয়ে সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকাটি আলোচনায় ছিল। এখন থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকবে। কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য হিসেবে এ অঞ্চলকে ব্যবহার করতে দেওয়া হবে না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের নিরাপত্তা ও জনস্বার্থে কোনো ধরনের সন্ত্রাসের আশ্রয়স্থল থাকতে দেওয়া হবে না। চাঁদাবাজি নির্মূলে সরকার বদ্ধপরিকর এবং মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অন্যান্য সংগঠিত অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।