tanaka
প্রচ্ছদজাতীয়শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-৪ সার্কেলের উদ্যোগে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, গণপরিবহনে যাত্রী হিসেবে করণীয় এবং চালক ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়। সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এ ছাড়া নিরাপদ সড়কের নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু অবকাঠামো উন্নয়ন বা আইন প্রয়োগের বিষয় নয়; বরং এটি সবার দায়িত্বশীল আচরণ, সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। শিক্ষার্থীদের মধ্যে এ উপলব্ধি গড়ে তোলা জরুরি, কারণ আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান, সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানো গেলে দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কর্মশালায় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত তুলে ধরে। পাশাপাশি বিআরটিএর পক্ষ থেকে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক ব্যবহার ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশের নির্বাহী পরিচালক ও পরিবহন বিশ্লেষক পার্থ সারথি দাস। ট্রাফিক সাইন ও সিগন্যাল সম্পর্কে আলোচনা করেন গুলশান ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক মো. কামাল উদ্দিন।

এ ছাড়া সড়ক নিরাপত্তার গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে বক্তব্য দেন বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) তন্ময় কুমার ধর এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।