ভারতের রাজস্থান রাজ্যের ভরতপুরে প্রতারণার অভিযোগে বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আরও ছয়জনের নাম উল্লেখ রয়েছে।
স্থানীয় পুলিশ ও ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মামলাটি দায়ের করেছেন কীর্তি সিং নামের এক আইনজীবী। ২০২২ সালে তিনি একটি গাড়ি ক্রয় করেন। গাড়িটির জন্য তিনি অগ্রিম ৫১ হাজার রুপি পরিশোধ করেন এবং বাকিটা ঋণের মাধ্যমে পরিশোধ করেন।
অভিযোগকারীর দাবি, গাড়ি কেনার পর থেকেই বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিশেষ করে অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে। সমস্যার সমাধান না হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন।
তাহলে কেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন এই মামলায় জড়িত? জানা গেছে, তারা গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ওই গাড়ির প্রচারে অংশ নিয়েছিলেন। তাই দায়েরকৃত এফআইআরে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
মথুরাগেট থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এখন পর্যন্ত শাহরুখ খান বা দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



