tanaka

ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার অর্ণব কারাগারে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া অর্ণব দাসকে (৩২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার...
প্রচ্ছদখেলাশান্ত-মিরাজকে ফিরিয়ে ৩০০ উইকেটের মাইলফলকে হ্যাজলউড

শান্ত-মিরাজকে ফিরিয়ে ৩০০ উইকেটের মাইলফলকে হ্যাজলউড

ডারউইন টেস্টে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ক্যারিয়ারের ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজকে আউট করে এই কীর্তি গড়েন তিনি।

বাংলাদেশের প্রথম ইনিংসে ওপেনার তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করেন। পাশাপাশি দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন শান্ত ও মিরাজ। শান্ত ৮৪ এবং মিরাজ ৬৫ রান করে হ্যাজলউডের শিকার হন।

মিরাজের উইকেটটি নেওয়ার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট পূর্ণ হয় ৩৫ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান পেসারের। এর ফলে তিনি অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে এই অভিজাত ক্লাবে প্রবেশ করেন।

মাইলফলক অর্জনের পর কায়ো স্পোর্টসকে হ্যাজলউড বলেন, ম্যাচ চলাকালে এ ধরনের ব্যক্তিগত অর্জন নিয়ে তিনি খুব বেশি ভাবেন না। তবে অস্ট্রেলিয়ার অন্য কিংবদন্তি বোলারদের সঙ্গে নিজের নাম দেখতে পাওয়া এবং তাদের কয়েকজনের সঙ্গে একই দলে খেলার বিষয়টি তার কাছে বিশেষ অনুভূতির।

এই অর্জনের মাধ্যমে সতীর্থ নাথান লায়ন, প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের সঙ্গে একটি বিরল কীর্তিতেও যুক্ত হলেন হ্যাজলউড। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো একই দলের চার বোলার একসঙ্গে খেলছেন, যাদের প্রত্যেকের টেস্টে অন্তত ৩০০ উইকেট রয়েছে।

ডারউইন টেস্টে শুরু থেকেই বাংলাদেশের ব্যাটারদের ওপর চাপ তৈরি করে রেখেছিলেন হ্যাজলউড। দ্বিতীয় দিনে মুমিনুল হককে আউট করে গুরুত্বপূর্ণ জুটি ভাঙার পর শান্তকেও দুর্দান্ত এক ডেলিভারিতে সাজঘরে ফেরান তিনি।

তৃতীয় দিনে প্রচণ্ড গরমে অস্ট্রেলিয়ার অন্য বোলাররা যখন কিছুটা ক্লান্ত হয়ে পড়ছিলেন, তখনও নিজের নিয়ন্ত্রণ ধরে রাখেন হ্যাজলউড। হাসান মাহমুদ ও তাইজুল ইসলামকে ফেরানোর পর মিরাজকে আউট করে ৩০০তম টেস্ট উইকেট পূর্ণ করেন।

এরপর ইবাদত হোসেনকে ফিরিয়ে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি তার চতুর্থবারের মতো এক ইনিংসে ছয় উইকেট নেওয়ার কীর্তি। দীর্ঘ প্রায় নয় বছর পর ইনিংসে ছয় উইকেট পেলেন এই পেসার।

বাংলাদেশের ব্যাটারদের লড়াইয়ের প্রশংসা করে হ্যাজলউড বলেন, কঠিন পরিস্থিতিতেও তারা উইকেটে টিকে থাকার জন্য যথেষ্ট লড়াই করেছে। তবে অস্ট্রেলিয়ার বোলাররা শেষ পর্যন্ত ধৈর্য ধরে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছেন।