tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকউত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে উত্তরাখণ্ডের পাশাপাশি ভারতের রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকাতেও।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) রাতে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।

হঠাৎ তীব্র কম্পন অনুভূত হওয়ায় দিল্লিসহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি সোফায় বসেছিলেন। একপর্যায়ে তিনি সোফাটিকে নড়তে দেখেন।

তবে আতঙ্কের পাশাপাশি ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) হয়ে ওঠে রসিকতার জায়গাও। বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজের জনপ্রিয় দৃশ্য এবং জিআইএফ (GIF) শেয়ার করে ভূমিকম্প নিয়ে মজার প্রতিক্রিয়া জানান নেটিজেনরা।

‘পঞ্চায়েত’ সিরিজের একটি জনপ্রিয় জিআইএফ শেয়ার করে এক ব্যবহারকারী লেখেন, ‘ভূমিকম্পের মাত্রা ৫-এর নিচে হলে দিল্লির মানুষেরা যেভাবে প্রতিক্রিয়া দেখায়।’

এদিকে উত্তরাখণ্ডে ভূমিকম্পের কয়েক ঘণ্টা আগেই একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভোরে অনুভূত ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।