তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। শপথ অনুষ্ঠান ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে নাসিমুল গণি বলেন, ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আগামীকালের শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। তারা কিছু খুঁটিনাটি বিষয়ে প্রস্তাব দিয়েছেন, সেগুলো গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, সংসদের শপথ কক্ষে সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে দক্ষিণ প্লাজায়।
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ড. নাসিমুল গণি স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে, ১৪ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ–এর চুক্তি বাতিল করা হয়। পরে এ পদে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া–কে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ এ পদে নিয়োগ পেলেন ড. নাসিমুল গণি।



