দক্ষিণ লেবাননে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র হিসেবে রাসায়নিক আগাছানাশক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ তুলেছে লেবানন। একই সঙ্গে পৃথক এক হামলায় তিন লেবানিজ সেনা নিহত হওয়ার ঘটনায়ও দেশটি তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।
লেবাননের দাবি, এসব পদক্ষেপ ওয়াশিংটনে মার্কিন মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি ও সীমান্ত-সংক্রান্ত আলোচনাকে ভণ্ডুল করার পরিকল্পিত প্রচেষ্টা।
নিরাপত্তা পরিষদে জমা দেওয়া অভিযোগে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি ইসরাইলি বাহিনী দক্ষিণ সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘গ্লাইফোসেট’ নামের রাসায়নিক আগাছানাশক স্প্রে করে। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত অনুযায়ী, আইতা আল-শাব, রাস আল-নাকুরা ও আল-ধাইরা এলাকা থেকে সংগ্রহ করা মাটির নমুনা পরীক্ষায় প্রতি গ্রামে সর্বোচ্চ ২২,৭৫০ মাইক্রোগ্রাম গ্লাইফোসেটের উপস্থিতি পাওয়া গেছে, যা সাধারণ কৃষি ব্যবহারের মাত্রার তুলনায় বহু গুণ বেশি।
লেবানন আরও উল্লেখ করেছে যে, আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্রবিষয়ক কনভেনশন অনুযায়ী যুদ্ধের কৌশল হিসেবে আগাছানাশক বা অন্যান্য রাসায়নিক পদার্থ ব্যবহার নিষিদ্ধ।
অন্য এক অভিযোগে লেবানন জানায়, গত ৬ জুন কফর তেবনিট-আল-খারদালি সড়কে একটি সামরিক যান লক্ষ্য করে ইসরাইলি বাহিনী হামলা চালায়। এতে লেবানন সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল, এক ক্যাপ্টেন এবং এক সৈনিক নিহত হন।
লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব হামলা দুই দেশের মধ্যে আস্থা গড়ে তোলা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার নিয়ে চলমান আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছে। দেশটির মতে, ইসরাইলের এ ধরনের পদক্ষেপ শান্তি প্রক্রিয়াকে গুরুতর ঝুঁকির মুখে ফেলছে।
সূত্র: আল-জাজিরা।



