পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে এই প্রথম পাকিস্তানকে টেস্ট সিরিজে হারালো নাজমুল হোসেন শান্তর দল। সিলেট টেস্ট জয়ের মাধ্যমে সিরিজ নিশ্চিত করার পর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশ শিবিরে। আর পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে গিয়ে দলের সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন এই অভিজ্ঞ ব্যাটার। মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় পাওয়া। ছেলেরা এমন সাফল্য ডিজার্ভ করে। গত কয়েক বছরে যেভাবে খেলেছে সবাই, তারা এই কৃতিত্ব পাওনা।’সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের ইনিংসকেও বিশেষভাবে গুরুত্ব দেন তিনি। ১১৬ রানে ৬ উইকেট হারানোর পর টেল এন্ডার ব্যাটারদের নিয়ে বাংলাদেশকে এনে দেন ২৭৮ রানের পুঁজি। যেখানে নিজে খেলেন ১২৬ রানের দুর্দান্ত ইনিংস। মুশফিকের মতে, কঠিন পরিস্থিতিতে লিটনের ব্যাটিংই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে এবং দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
তিনি বলেন, ‘লিটন প্রথম ইনিংসে দুর্দান্ত ছিল, তার কারণেই আমরা ম্যাচে ছিলাম। ড্রেসিংরুমে মোরালও উঁচুতে ছিল। আমরা ভেবেছিলাম ৪৫০+ রানের কাছাকাছি যেতে হবে। বোলাররা বেসিকে বল করে গেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’



