সৌদি আরবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে রিয়াদের বিভিন্ন হাসপাতালে ২৪ জনের বেশি বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। এ পর্যন্ত দুই বাংলাদেশির নিহত হওয়ার তথ্যও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পথপরিক্রমা’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
শামা ওবায়েদ বলেন, ‘এ পর্যন্ত দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন। আর ২৪ জনের বেশি বাংলাদেশি রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।’
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আশা করি, পরিস্থিতির দ্রুত অবসান হবে এবং যুদ্ধ বন্ধ হবে। কারণ নিরীহ বেসামরিক মানুষ নিহত হচ্ছেন এবং পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে।’
জ্বালানি সরবরাহ নিয়ে সরকারের প্রস্তুতি
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকার দীর্ঘদিন ধরে কাজ করছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জ্বালানি মন্ত্রণালয় সম্ভাব্য সরবরাহঝুঁকি কমাতে বিকল্প উৎস অনুসন্ধানে সক্রিয় রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরবে রয়েছেন এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করছেন।’
তবে বাংলাদেশের জ্বালানি সরবরাহে তাৎক্ষণিকভাবে বড় ধরনের বিঘ্ন ঘটার কোনো ইঙ্গিত সরকার পায়নি বলে জানান তিনি। তাঁর ভাষ্য, যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দিলে তা শুধু বাংলাদেশের জন্য সীমাবদ্ধ থাকবে না; বিশ্বের বিভিন্ন দেশকেও একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
জ্বালানি মন্ত্রণালয়ের প্রস্তুতি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পরিকল্পনা সম্ভাব্য সংকট সামাল দিতে বাংলাদেশকে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রবাসীদের কর্মসংস্থান ও রেমিট্যান্স নিয়ে উদ্বেগ
মধ্যপ্রাচ্যের সংঘাত প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহেও প্রভাব ফেলতে পারে বলে স্বীকার করেন শামা ওবায়েদ। তাঁর মতে, এ অঞ্চলে কর্মরত বাংলাদেশিরা চাকরি হারানো ও অনিশ্চয়তার মুখে পড়ছেন।
তিনি জানান, ইতোমধ্যে কিছু প্রবাসী কর্মসংস্থান হারিয়ে দেশে ফিরে এসেছেন। অন্যদিকে, অনেকে কর্মহীন অবস্থায় ওই অঞ্চলে অবস্থান করছেন।
সৌদি আরবেই ৩০ লাখের বেশি বাংলাদেশি বসবাস করেন উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলমান সংঘাত বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান এবং দেশে রেমিট্যান্স প্রবাহের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
প্রচলিত শ্রমবাজারের ওপর নির্ভরতা কমাতে সরকার নতুন শ্রমবাজার অনুসন্ধান করছে। পাশাপাশি দক্ষতা বৃদ্ধি এবং বৈধ অভিবাসনকে উৎসাহিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ফ্লাইট চলাচলে বিঘ্ন, ভোগান্তিতে হাজারো যাত্রী
সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলা, বিশেষ করে দেশটির বিমান চলাচল অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ ও রিয়াদের মধ্যে আকাশপথে যোগাযোগেও। পরিস্থিতির কারণে বিভিন্ন বিমান সংস্থাকে ফ্লাইট স্থগিত করতে হয়েছে, অনিশ্চয়তায় পড়েছেন হাজারো যাত্রী।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া ও রিয়াদ এয়ারওয়েজের মোট ১০টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এতে ৩ হাজার ৪৩১ জন যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে।
বিআইআইএসএসের সেমিনারে গবেষকদের প্রবন্ধ উপস্থাপন
‘পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পথপরিক্রমা’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিআইআইএসএসের গবেষণা ফেলো আয়েশা বিনতে তৌহিদ, গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির, গবেষণা ফেলো এএসএম তারেক হাসান সেমুল এবং গবেষণা পরিচালক ড. সুফিয়া খানম।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান। তিনি অধিবেশনে সভাপতিত্বও করেন।



