রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ হয়নি। তবে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সার্বিকভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ও তফসিল এখনো চূড়ান্ত করা হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে। এরপর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তফসিল প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন সচিবালয় থেকেই মনোনয়ন গ্রহণ, যাচাই-বাছাই এবং ফলাফল ঘোষণা-সহ সব কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া সংসদের অধিবেশন চলমান থাকুক বা না থাকুক, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হবে না বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করেন। স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন জাতীয় সংসদের সদস্যরা।



