রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনগুলো।
এর আগে রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাবির শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্রসহ অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে সংবাদ সংগ্রহের কাজে গেলে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় সাংবাদিকদের মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
হামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ-উজ-জামান কোরবান, দৈনিক আগামীর সময়ের জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজুসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। তাদের মধ্যে জাহিদুল ইসলামের মাথায় রক্তাক্ত জখম হয়েছে।
ঘটনার পর যৌথ ও পৃথক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা), কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস), বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস), জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এবং সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।
‘হামলা মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত’
বিবৃতিতে সাংবাদিক সংগঠনগুলোর নেতারা বলেন, ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলা শুধু কোনো ব্যক্তির ওপর আঘাত নয়; এটি মুক্ত সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।
তারা বলেন, বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিচার না হওয়া এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এ ধারা অব্যাহত থাকলে মুক্ত গণমাধ্যমের স্বাভাবিক বিকাশের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তাও চরম হুমকির মুখে পড়বে।
নেতারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তা, জ্ঞানচর্চা ও মতপ্রকাশের জায়গা। সেখানে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন কিংবা সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দেওয়ার কোনো সুযোগ নেই।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
শাহবাগ থানায় হামলার ঘটনাও স্মরণ
বিবৃতিতে এর আগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলোরও উল্লেখ করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনের সময় শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) অন্তত ১০ জন সদস্য হামলার শিকার হওয়ার কথা উল্লেখ করেন সাংবাদিক সংগঠনগুলোর নেতারা।
তাদের মতে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কার্যকর বিচার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তাই রাবির সর্বশেষ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।



