গোপালগঞ্জে নিজের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করেছেন তিনি। তাঁর অভিযোগ, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কর্নেল ফারুক খান এবং যুব মহিলা লীগের নেত্রী তানিয়া হক শোভার নির্দেশনায় তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মুসাদ্দিক। এ সময় হামলায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনের নাম-পরিচয় প্রকাশ করেন তিনি। পাশাপাশি হামলায় আরও তিন থেকে চার শতাধিক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ তোলেন।
আগেই দেওয়া হয়েছিল হামলা ও অগ্নিসংযোগের হুমকি
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুসাদ্দিক বলেন, গত কয়েক সপ্তাহ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের হুমকি দিয়ে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর বাড়ির ঠিকানা প্রকাশ করে হামলার উসকানি দেওয়া হয়। এমনকি বাড়িতে অবস্থানরত সবাইকে পুড়িয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।
তিনি জানান, গত ১৮ নভেম্বর ফজরের কাছাকাছি সময়ে হামলাকারীরা তাঁর বাড়ি মনে করে পাশের একটি বাড়িতে আগুন দেন। বাড়িটি তাঁর ফুপুর। পরে অগ্নিসংযোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে হামলাকারীরা উল্লাস করেন বলে অভিযোগ করেন তিনি।
এর পরদিন ১৯ নভেম্বর দুপুরের দিকে দেশীয় অস্ত্র নিয়ে তিন থেকে চার শতাধিক ব্যক্তি তাঁর পৈতৃক বাড়িতে হামলা চালান বলে দাবি করেন মুসাদ্দিক। এ সময় বাড়ির তিন থেকে চারটি ঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। পাশাপাশি গ্রামের আরও কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাটের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বলেও অভিযোগ করেন তিনি।
নির্দেশদাতা ও নেতৃত্বে থাকার অভিযোগ যাঁদের বিরুদ্ধে
মুসাদ্দিকের প্রকাশ করা তালিকায় হামলার নির্দেশদাতা হিসেবে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভার নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে চারজনের নাম প্রকাশ করেন তিনি। তাঁরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির খন্দকার, একই ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান মোল্লা এবং ঘুনসি গ্রামের সাবেক ইউপি সদস্য কামরুল শেখ।
হামলায় জড়িত থাকার অভিযোগে আরও ১৩ জনের নাম প্রকাশ
মুসাদ্দিকের প্রকাশ করা তালিকায় হামলায় জড়িত থাকার অভিযোগে আরও ১৩ জনের নাম রয়েছে। তাঁরা হলেন—
- ধোপাদি গ্রামের: রানা মীর (পিতা মিরাজ মীর), রওনক মীর (পিতা মিরাজ মীর), তামিম মীর (পিতা মিরজু মীর), রোহান মীর ও রায়হান মীর (পিতা মিরাজ মীর) এবং নাছিম মীর (পিতা মিরজু মীর)।
- ঘুনসি গ্রামের: রিফাত তালুকদার (পিতা মিরাজ তালুকদার), রোমান শেখ (পিতা নাদিম শেখ), শহিদ তালুকদার (পিতা আছমত তালুকদার), অন্তর মোল্লা (পিতা লুতফার মোল্লা), সাহিদুল মল্লিক (পিতা মোশাররফ মল্লিক) ও মহাসিন শেখ (পিতা মস্ত শেখ)।
- আইকদিয়া গ্রামের: মিজানুর রহমান (পিতা আলী মিয়া শেখ)।
মুসাদ্দিক বলেন, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য যাচাই করে এসব ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁদের বাইরে আরও অনেককে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে তাঁদের পরিচয়ও প্রকাশ করা হবে বলে জানান তিনি।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, সরকারের প্রতি অনাস্থা
হামলার ঘটনায় এখনো আইনি পদক্ষেপ নিতে পারেননি জানিয়ে মুসাদ্দিক বলেন, তাঁদের উপজেলা থানা পুড়িয়ে দেওয়ায় সেখানে পুলিশের কার্যক্রম স্বাভাবিক নেই। এ ছাড়া গোপালগঞ্জে পর্যাপ্ত পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন থাকা সত্ত্বেও হামলা প্রতিরোধে কার্যকর ভূমিকা দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।
সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে ডাকসুর এই নেতা বলেন, এর আগেও শাহবাগ থানার ভেতরে সাংবাদিক ও পুলিশের উপস্থিতিতে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। এ কারণে বর্তমান সরকারের কাছে আইনি আশ্রয় চাওয়ার বিষয়ে আস্থা পাচ্ছেন না বলে জানান মুসাদ্দিক।
তিনি আরও অভিযোগ করেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের উসকানিতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হচ্ছে। এ বিষয়ে সরকারের উচিত ছিল ভারতীয় হাইকমিশনকে তলব করে জবাবদিহি চাওয়া।
সংবাদ সম্মেলনে মুসাদ্দিক বলেন, বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত কেউই পার পাবেন না। প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। একই সঙ্গে গোপালগঞ্জের শান্তিপ্রিয় মানুষের প্রতি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।



