tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনটিউশনের টাকা-পকেটমানিতে নির্মিত শিক্ষার্থীদের ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায়

টিউশনের টাকা-পকেটমানিতে নির্মিত শিক্ষার্থীদের ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায়

টিউশনের টাকা, পকেটমানি আর বুকভরা স্বপ্ন—এই তিনকে পুঁজি করেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থীর প্রায় দুই বছরের পরিশ্রমে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘অন্যপাতা’।

এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি আসছে দুর্গাপূজায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির এনাউন্সমেন্ট পোস্টার, মোশন ভিডিও ও মূল পোস্টার। শিগগিরই প্রকাশ হবে ট্রেলার ও মিউজিক ভিডিও।

ছয়জন থেকে ৪০ জনের দল

মাত্র ছয়জনের একটি দল নিয়ে শুরু হয়েছিল ‘অন্যপাতা’র নির্মাণযাত্রা। সময়ের সঙ্গে এতে যুক্ত হতে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপর্যায়ে ৪০ জনের বেশি তরুণ-তরুণীর একটি বড় দলে পরিণত হয় সিনেমাটির নির্মাণ টিম।

পড়াশোনার ব্যস্ততা সামলে নিজেদের উপার্জিত অর্থ ব্যয় করেই সিনেমাটি নির্মাণ করেছেন তারা। ক্লাস, পরীক্ষা ও টিউশনের পাশাপাশি সময় বের করে শুটিং, সম্পাদনা ও পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে নিয়েছেন শিক্ষার্থীরা।

ভর্তি যুদ্ধের গল্পে প্রেম ও বাস্তবতা

‘অন্যপাতা’র গল্প আবর্তিত হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে ঘিরে। ভর্তি যুদ্ধের সময় শিক্ষার্থীদের পরিচয় সংকট, পারিবারিক চাপ, বাস্তবতার মুখোমুখি হওয়া এবং ছাত্রজীবনের প্রেম—সবকিছুই উঠে এসেছে সিনেমাটিতে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে দরিদ্রতার সঙ্গে লড়াই করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করা এক তরুণ। ভর্তি পরীক্ষার কঠিন সংগ্রামের মধ্যেই তার জীবনে আসে ভালোবাসা।

বাস্তব জীবনের দুটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে গল্পটি নির্মাণ করেছেন পরিচালক ও চুয়েট শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি।

পরিচালক বলেন, ‘আমাদের দেশের সিংহভাগ শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংগ্রামের সময় কাটে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়। সেই সময়ের রেশ থেকে বের হতে অনেক সময় লাগে। ওই সময়ের সার্ভাইভালের একটি মিষ্টি অভিজ্ঞতার গল্পই অন্যপাতা।’

থাকছে ছয়টি মৌলিক গান

এক ঘণ্টা ৪০ মিনিটের সিনেমাটিতে থাকছে ছয়টি মৌলিক গান। পাশাপাশি রয়েছে আবহসংগীত এবং চট্টগ্রামসহ বাংলাদেশের প্রকৃতির সিনেমাটিক উপস্থাপনা। সিনেমাটিতে জেন-জি প্রজন্মের ভাষা ও জীবনযাপনের ছোঁয়াও রাখা হয়েছে।

নির্মাতাদের দাবি, প্রচলিত গল্প বলার ধরন থেকে কিছুটা ভিন্নভাবে সহজ-সরল একটি গল্প দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সিনেমাটির প্রযোজক চুয়েট শিক্ষার্থী অংকন দে অনিমেষ ও বুয়েট শিক্ষার্থী সামস আবতাহী ইসমাম বলেন, ‘অন্যপাতার গল্প খুবই চেনা, কিন্তু এর এক্সপেরিয়েন্সটা বাংলাদেশে বেশ অচেনা। আমাদের মতো জেন-জিদের ভাষার ছাপ আছে। তবে সব বয়সের মানুষের কাছেই এই ফ্রেশ, সরল ও মিষ্টি গল্প ভালো লাগবে বলে আমরা আশা করছি।’

পর্দায় যারা

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। আরও অভিনয় করেছেন শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান, মনন ও রোবেনসহ অনেকে।

শিল্প নির্দেশনায় রয়েছেন চবি শিক্ষার্থী ইন্দ্র নীল। চিত্রগ্রহণ করেছেন ইব্রাহিম বিন আনছারী। ছয়টি গানের সংগীত পরিচালনা করেছেন ফাহরিয়াজ তাসজিম মনন। সিনেমার আবহসংগীত তৈরি করেছেন আইনান।

পোস্ট প্রোডাকশন ও কালার এডিটিং করেছেন চুয়েট শিক্ষার্থী তানভীর জানি। কাস্টিং পরিচালক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান আহমদ রনি। লাইন প্রোডাকশনের দায়িত্ব পালন করেছেন এইচএসসি শিক্ষার্থী সুদীপ্ত পাল।

টিউশনের টাকা থেকে বড় পর্দায়

‘অন্যপাতা’ নির্মাণের পুরো প্রক্রিয়াটিই ছিল নির্মাতাদের জন্য এক দীর্ঘ সংগ্রাম। পড়াশোনার চাপের মধ্যে সময় বের করে শুটিং, সম্পাদনা ও অন্যান্য কাজ করতে হয়েছে তাদের। এর সঙ্গে ছিল অর্থসংকটও।

তবু থেমে যাননি তারা। নিজেদের টিউশনের টাকা ও পকেটমানি জমিয়ে ধীরে ধীরে এগিয়ে নিয়েছেন সিনেমাটির নির্মাণকাজ।

নির্মাতাদের ভাষায়, সিনেমাটি তৈরি করার অভিজ্ঞতাটিও যেন আরেকটি সিনেমার গল্প। নিজেদের ওপর, নিজেদের গল্পের ওপর এবং চলচ্চিত্র নির্মাণের স্বপ্নের ওপর বিশ্বাস রেখেই তারা শেষ করেছেন দীর্ঘ এই যাত্রা।

এবার দুর্গাপূজায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই শিক্ষার্থীদের। তাদের স্বপ্নের ‘অন্যপাতা’ কতটা জায়গা করে নিতে পারে দর্শকের মনে, সেটিই এখন দেখার অপেক্ষা।