tanaka
প্রচ্ছদসারাদেশশ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছুটি ২১টিতে

শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছুটি ২১টিতে

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের প্রভাবে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে ২৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি শ্রমিকদের কর্মবিরতির মুখে আরও ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরেই অবস্থান করে কর্মবিরতি পালন করেছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া খুদেবার্তার মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিক অসন্তোষের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ২৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

এর আগে সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে নিশ্চিন্তপুরের নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা আশপাশের যেসব কারখানায় উৎপাদন চলছিল, সেগুলোতে হামলার চেষ্টা করেন। এ সময় একটি যাত্রীবাহী বাস ভাঙচুরেরও উদ্যোগ নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন।

নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক অভিযোগ করেন, অন্য কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ না করে উৎপাদন চালিয়ে যাওয়ায় আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভ থেকেই তাদের ওপর হামলা করা হচ্ছে। এমনকি দেরিতে কারখানা থেকে বের হওয়া শ্রমিক এবং রিকশায় থাকা শ্রমিকদের নামিয়ে মারধরের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

তবে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ। বিকেল ৪টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার কোথাও নতুন করে বিক্ষোভের খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।

এদিকে বিকেলে সাভারের হেমায়েতপুরে দায়িত্ব পালনরত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খোঁজখবর নেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। এ সময় তিনি সদস্যদের মনোবল ধরে রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

শামীমা পারভীন জানান, সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে স্বাভাবিকভাবেই উৎপাদন কার্যক্রম চলছে।