রাজধানীতে টানা রাতভর বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি—সবখানেই জমে গেছে পানি। ফলে সোমবার সকালেও ঘর থেকে বের হওয়া মানুষজনকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে।
সকালবেলা রাজধানীর মিরপুর, উত্তরা, বিজয় সরণি, ধানমণ্ডি-২৭, শান্তিনগর, মালিবাগ, কাকরাইল, রামপুরা ও পুরান ঢাকার অলিগলিসহ বেশিরভাগ এলাকাই পানিতে ডুবে আছে। কিছু এলাকায় বড় সড়কও ডুবে গেছে। এমনকি হাতিরঝিলের কিছু অংশেও পানি জমে থাকার খবর পাওয়া গেছে। এসব স্থানে সড়কে জমে থাকা পানি যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে, তৈরি হয়েছে যানজট।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৭টা পর্যন্ত) মোট বৃষ্টিপাত হয়েছে ৪০ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া, ২৪ সেপ্টেম্বরের দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরে ঘনীভূত হতে পারে।
মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।



