চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মাহবুবুর রহমান (৪৫) নামের আরও একজন মারা গেছেন। তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে মারা যান।
হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাহবুবুর রহমানের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। মৃত্যুর সময় তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মাহবুবুর রহমান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ বলতলী গ্রামের বাসিন্দা, তার বাবার নাম কবির আহামেদ ভূঁইয়া।
এর আগে একই ঘটনায় মো. ইদ্রিস (২৭) ও মো. ইউসুফ (৩০) নামে আরও দুজন মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ জনে।
এছাড়া, রিয়াজ নামে আরও একজন আহত হয়ে বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, গত বুধবার ভোরে চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী সৈয়দাবাদ এলাকায় একটি গ্যাস সিলিন্ডার গুদামে বিস্ফোরণ ঘটে। এতে গুদামের মালিক মাহাবুবুল আলমসহ অন্তত ১০ জন আহত হন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় পুরো গুদামটি পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সেখানে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস রিফিল করা হতো।



