রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় আফি খাতুন (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আফি খাতুনের বড় ভাইয়ের ছেলে মো. রকি (২২) তাকে হত্যা করেছেন। রকি নেশাগ্রস্ত এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রকি তার ফুফুর কাছে টাকা চাইছিলেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে রকি ছুরি দিয়ে কয়েকবার আঘাত করে গলা কেটে দেন। এতে ঘটনাস্থলেই আফি খাতুন নিহত হন। ঘটনার পর স্থানীয়রা রকিকে ধরার চেষ্টা করলে তিনি পালিয়ে যান।
এলাকাবাসী জানান, নিহত আফি খাতুন অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



