ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন কার্যক্রম ঘিরে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সোমবার (২ ফেব্রুয়ারি) দিল্লিতে পৌঁছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বঙ্গ ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনকে কেন্দ্র করে দিল্লি পুলিশের সঙ্গে এক পর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান তিনি।
পুলিশি তৎপরতা দেখে ক্ষোভ প্রকাশ করে মমতা স্পষ্ট করে বলেন, তিনি আন্দোলন করতে নয়, ন্যায়বিচারের দাবিতে দিল্লিতে এসেছেন। দিল্লি পুলিশের কর্মকর্তাদের সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন—সাধারণ মানুষের ওপর হুমকি ও নিপীড়ন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
দিল্লি পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে মমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলায় যান, তখন তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, অথচ বাংলার প্রতিনিধিরা দিল্লিতে এলে ‘কালো গালিচা’ দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
মমতার অভিযোগ, দিল্লি পুলিশ বাংলার মানুষদের হেনস্তা করছে। তিনি জোর দিয়ে বলেন, এই দেশে আর কেউ লড়াই না করলেও তিনি ও তার দল একাই লড়াই চালিয়ে যাবেন।
সোমবার বিকেলে মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। প্রতিনিধি দলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়াটি পক্ষপাতদুষ্ট, বৈষম্যমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা সশরীরে দিল্লিতে এসে দাবি জানাচ্ছেন।
বর্তমানে পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ ভোটার তালিকা সংশোধন কার্যক্রম চলছে। এর চূড়ান্ত তালিকা আগামী ৭ ফেব্রুয়ারি প্রকাশের কথা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রক্রিয়ায় নাম বাদ পড়া বা অন্তর্ভুক্তি নিয়ে তৃণমূলের আশঙ্কাই মমতার দিল্লি সফরকে জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা দিচ্ছে।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া



