রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হুসাইন জানান, খবর পেয়ে পুলিশ পোস্তগোলা ব্রিজের ওপর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে। পরে ঢামেকে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।



