tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গননিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি

নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য প্রকাশ ও হুমকির অভিযোগে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে তিনি এ জিডি করেন।

জিডি সূত্রে জানা গেছে, একটি ফেসবুক পেজে মোনামির ব্যক্তিগত ফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও বাসার ঠিকানা প্রকাশ করা হয়েছে। এরপর থেকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করে অশালীন কথাবার্তা ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

জিডিতে মোনামি উল্লেখ করেন, তার বাসার ঠিকানা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়ে যাওয়ায় সেখানে অবস্থান করতেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন তিনি।

পরিস্থিতিতে নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যক্তিগত তথ্য প্রকাশ ও হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশের সহযোগিতা চেয়েছেন মোনামি।

শাহবাগ থানা সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং হুমকির ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার আহ্বান জানিয়েছে।